আগরতলা, ৭ মার্চ, ২০২৬ঃ
আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে বিজেপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, সংগঠন সম্প্রসারণ এবং বিভিন্ন বুথভিত্তিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আসন্ন নির্বাচনে দলীয় সংগঠনকে তৃণমূল স্তর পর্যন্ত আরও সক্রিয় ও শক্তিশালী করে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। মুখ্যমন্ত্রী কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং প্রতিটি এলাকায় মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে হবে।
তিনি আরও আহ্বান জানান যে, বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করে ভোটারদের আস্থা অর্জন করতে হবে এবং নির্বাচনী প্রচারকে আরও গতিশীল করতে হবে।
এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ জনজাতি মোর্চার পদাধিকারী এবং দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
বৈঠকে প্রতিটি বুথে সংগঠনকে সক্রিয় রাখা, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি করা এবং নির্বাচনী প্রচারকে আরও জোরদার করার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। নেতৃবৃন্দের মতে, ঐক্যবদ্ধভাবে কাজ করলে আসন্ন এডিসি নির্বাচনে দল ভালো ফলাফল করবে।