আগরতলা, ২০ মার্চ, ২০২৬ঃ খোয়াই-তেলিয়ামুড়া-হরিনা জাতীয় সড়ক ২০৮-এর সংস্কারের কাজ শেষ হলে রাজ্যের পরিবহণ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্য বিধানসভায় বিধায়ক পাঠান লাল জমাতিয়ার দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী জানান, জাইকা প্রকল্পের অধীনে খোয়াই থেকে হরিনা পর্যন্ত এই সড়কটিকে দুই লেনে উন্নীত করার কাজ চারটি প্রকল্প চলছে।
তিনি জানান, প্রথম প্রকল্পে খোয়াই থেকে তেলিয়ামুড়া পর্যন্ত ২৬ কিমি রাস্তার কাজ ৫৪.০৪ শতাংশ সম্পন্ন হয়েছে এবং ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে তা শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় প্রকল্পে তেলিয়ামুড়া থেকে রাঙ্গামাটি পর্যন্ত ৩৭.২৪ কিমি রাস্তার কাজ ৫২.৭৮ শতাংশ সম্পন্ন হয়েছে, যা একই সময়সীমার মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। তৃতীয় প্রকল্পে রাঙ্গামাটি থেকে পতিছড়ি পর্যন্ত ৩৬ কিমি অংশের কাজ ২০২৭ সালের ৩১ মে এবং চতুর্থ প্রকল্পে পতিছড়ি থেকে হরিনা পর্যন্ত ৩৫.৬৫ কিমি রাস্তার কাজ ২০২৭ সালের ৩১ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, পুরোনো আঁকাবাঁকা রাস্তার পরিবর্তে প্রায় ৪১ কিলোমিটার নতুন এলাইনমেন্ট তৈরি করা হচ্ছে। নতুন রাস্তার কাজ চলার পাশাপাশি পুরোনো সড়কটিও সচল রাখা হয়েছে যাতে যাতায়াতে অসুবিধা না হয়।
তিনি জানান, চারটি প্রকল্পের কাজ সম্পন্ন হলে দক্ষিণ ও উত্তর ত্রিপুরার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। যদিও ভূমি অধিগ্রহণে বিলম্বের কারণে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে, বর্তমানে সেই প্রক্রিয়া দ্রুতগতিতে এগোচ্ছে। উন্নত এই সড়ক ভবিষ্যতে রাজ্যের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং সাধারণ মানুষের যাতায়াতকে আরও দ্রুত ও নিরাপদ করে তুলবে।