আগরতলা, ২০ মার্চ, ২০২৬ঃ
ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের শহরাঞ্চলে মশার বাড়বাড়ন্ত নিয়ে সরব হলো বিরোধী শিবির। প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস বিধায়ক গোপাল রায় স্মার্ট সিটি আগরতলা সহ বিভিন্ন নগর এলাকায় মশার ক্রমবর্ধমান উপদ্রব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, ড্রেন পরিষ্কারের অভাব, জমে থাকা নোংরা জল এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার ফলে বহু ওয়ার্ডে মশার সমস্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর ফলে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছে বলে তিনি উল্লেখ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী তথা নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানিক সাহা জানান, মশা নিয়ন্ত্রণে পুর নিগম ও বিভিন্ন পুরসভা এলাকায় নিয়মিত ফগিং, ড্রেন পরিষ্কার এবং পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
মুখ্যমন্ত্রী আরও বলেন, শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়—নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া, নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দেন তিনি। সরকার ও সাধারণ মানুষের যৌথ প্রচেষ্টায় এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, শনি ও রবিবার অধিবেশন বসছে না। পরিবর্তিত সূচি অনুযায়ী সোমবার এই বাজেট অধিবেশনের সমাপ্তি হবে।