অগরতলা, ২২ মার্চ, ২০২৬ঃ
আসন্ন পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনের নিরাপত্তার কাজে ত্রিপুরা স্টেট রাইফেলস’কে নিয়োগ করল ভারতীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুরোধে মোট ১০টি কোম্পানিতে মোট ৭৭৮ জন টিএসআর জওয়ান এই দুই রাজ্যে পাঠানো হবে।
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের নির্বাচনে দুই দফায় ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। অন্যদিকে, ১২৬ আসনের আসাম বিধানসভা নির্বাচনে ভোট হবে ৯ এপ্রিল। দুই রাজ্যেই ভোট গণনা ৪ মে।
ত্রিপুরা পুলিশ সূত্রে জানা যায়, টিএসআর এর ৫টি কোম্পানি করে দুটি অ্যাডহক ব্যাটালিয়ন, আসাম ও পশ্চিমবঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এই বাহিনীর নেতৃত্ব দেবেন দুই সিনিয়র কমান্ড্যান্ট অমরজিৎ দেববর্মা এবং অলোক ভট্টাচার্য।
প্রাথমিকভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরা সরকারের কাছে ২৫টি কোম্পানি চাইলেও, রাজ্যের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ নির্বাচনের কারণে এত সংখ্যক বাহিনী পাঠাতে অনিচ্ছা প্রকাশ করে রাজ্য সরকার। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এর নির্বাচন ১২ এপ্রিল। তাছাড়া ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে ৯ এপ্রিল।
বর্তমানে টিএসআর এর মোট ১৪টি ব্যাটালিয়ন রয়েছে, যার মধ্যে ১১টি ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন হিসেবে চিহ্নিত। দীর্ঘ সাড়ে চার দশকের সন্ত্রাসবাদ দমনে ত্রিপুরায় এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।