আগরতলা, ১ এপ্রিল, ২০২৬ঃ
কেন্দ্রীয় সরকারের চারটি নতুন শ্রম কোড ১ এপ্রিল থেকে দেশজুড়ে কার্যকর হওয়ায় এর তীব্র প্রতিবাদে সরব হল বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি। শ্রম কোড বাতিলের দাবিতে দেশজুড়ে পালিত হচ্ছে ‘কালা দিবস’। এরই অংশ হিসেবে আগরতলাতেও সিআইটিইউ এবং সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আগরতলা শ্রম দফতর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি একটি প্রতিবাদ সভা সংগঠিত হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, এই চারটি শ্রম কোড শ্রমজীবী মানুষের স্বার্থবিরোধী এবং শ্রমিকদের অধিকার খর্ব করবে।
সিআইটিইউ ও সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, এই শ্রম কোড কোনওভাবেই মেনে নেওয়া হবে না এবং অবিলম্বে তা বাতিল করতে হবে। দাবি আদায়ে আগামী দিনেও আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃত্ব।