আগরতলা, ৬ এপ্রিল, ২০২৬ঃ
বিশ্বের দূষিত শহরগুলির তালিকায় আগরতলার স্থান এখন ৭৮তম। উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে দূষিত শহর গুয়াহাটির পরেই রয়েছে আগরতলা।
৩ এবং ৪ এপ্রিল শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স ১১০ থেকে ১২০-এর মধ্যে ছিল। ‘সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট’ এর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত মাসের শুরুতে একসময় আগরতলার বায়ুদূষণ দিল্লিকেও ছাড়িয়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে এই দূষণের জন্য জন্য যানবাহনের ধোঁয়া কিছুটা দায়ী। মূল সমস্যা তৈরি করছে শহরজুড়ে চলতে থাকা স্মার্ট সিটি প্রকল্পের কাজ। অপরিকল্পিতভাবে মাটি খোঁড়াখুঁড়ি, ধুলাবালি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না নেওয়া এবং দীর্ঘদিন ধরে খোলা নির্মাণ সামগ্রী পড়ে থাকার ফলে বাতাসে দূষণের মাত্রা বাড়ছে।
শুধু বায়ুদূষণ নয়, এর প্রভাব পড়ছে নাগরিক জীবনের অন্যান্য ক্ষেত্রেও। বিভিন্ন এলাকায় মাটি খোঁড়ার সময় জলের পাইপলাইনে ছিদ্র হয়ে পানীয় জল দূষিত হচ্ছে। কোথাও কোথাও ড্রেনের জল পাইপলাইনের জলের সঙ্গে মিশে যাওয়ার অভিযোগও উঠছে। একইসঙ্গে, মাটির নীচে থাকা গ্যাস পাইপলাইনের ক্ষতিও ঘটছে, যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।
এছাড়াও শহরে দ্রুত বাড়তে থাকা বহুতল নির্মাণ, রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী ফেলে রাখা, এবং পুর পরিষদের ডাস্টবিন থেকে নিয়মিতভাবে ময়লা অপসারণ না হওয়ার ফলে পরিবেশ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। মশার উপদ্রব বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়েছে।