আগরতলা, ১৬ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরা এডিসি নির্বাচনের ভোট গণনা শুক্রবার। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি গণনা কেন্দ্রের আশেপাশে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানান, সকাল ৮টা থেকে মোট ১৭টি কেন্দ্রে ভোট গণনা শুরু হবে এবং তা দুপুরের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
এবারের নির্বাচনকে ঘিরে ত্রিমুখী লড়াই লক্ষ্য করা গেছে। ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে লড়াই করছে তিপ্রামথা। অন্যদিকে বিজেপি একাই নির্বাচনে লড়ে পরিষদের দখল নিতে মরিয়া। পাশাপাশি সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট ২০২১ সালের পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
৩০টি আসনের মধ্যে ২০টি আসনে গত ১২ এপ্রিল ভোটগ্রহণ হয় এবং এবারের ভোটে ৮৩.৫ শতাংশ ভোট পড়ে, যা আগের নির্বাচনের ৮১ শতাংশের তুলনায় বেশি। এই নির্বাচনে মোট ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে বিজেপি, টিপরা মথা, সিপিআইএম ও কংগ্রেসের প্রার্থীরা রয়েছেন।
২০২১ সালের নির্বাচনে টিপরা মথা ১৮টি আসনে জয়লাভ করে পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, যেখানে বিজেপি পেয়েছিল ৯টি আসন। বামফ্রন্ট কোনো আসন জিততে পারেনি, যা রাজ্যের আদিবাসী এলাকায় বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। এবারের ফলাফল সেই সমীকরণ বদলাতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।