আগরতলা, ১৯ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরায় এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া উত্তেজনা ও বিচ্ছিন্ন সন্ত্রাসের ঘটনা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধনকর।
রবিবার তিনি বলেন, ভোট গণনার পর কিছু এলাকায় অশান্তির ঘটনা ঘটলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। ইতিমধ্যে রাজনৈতিক সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, শিলাছড়ি মনুবনকল এলাকায় উত্তেজনার খবর পাওয়া গেলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাজ্যজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন।
তবে অন্যদিকে, খোয়াই-কমলপুর সড়কের বেহালাবাড়ি ও খোয়াই-আগরতলা সড়কের ছনখলা এলাকায় সড়ক অবরোধ করে তিপ্রামথা সমর্থকরা।
এছাড়াও, বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে কলমচৌড়া থানার ওসিকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
অন্যদিকে, দক্ষিণ জেলার মনুবনকুল বাজারের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
সবমিলিয়ে, প্রশাসনের তরফে দাবি করা হচ্ছে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও কিছু এলাকায় এখনও উত্তেজনার রেশ বজায় রয়েছে।