আগরতলা, ২২ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ব্যবহারের অভিযোগ তুলেছেন দুই বিরোধী দল। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন যে, বিজেপি রাজ্যে মুখ্যমন্ত্রী ত্রান তহবিলের অর্থ দলীয় স্বার্থে ব্যবহার করছে। সম্প্রতি রাজ্যে এডিসি নির্বাচনের পর রাজনৈতিক সন্ত্রাসের শিকার পরিবার গুলোর জন্য মুখ্যমন্ত্রী ত্রান তহবিল থেকে আর্থিক সাহায্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই রাজনৈতিক হিংসার শিকার বেশিরভাগ পরিবারগুলিই বিজেপি সমর্থক। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল, শাসক দল, বিরোধী দল এবং সাধারণ মানুষের। এটিকে দলীয় কাজে ব্যবহার করা উচিত নয়।”
অন্যদিকে, ২০১৮ সাল থেকে সংঘটিত ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দলমত নির্বিশেষে আর্থিক সহায়তার দাবি করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বুধবার তিনি বলেন, রাজনৈতিক পরিচয় না দেখে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সমানভাবে সাহায্য করা উচিত।
উল্লেখ্য, এর দুই দিন আগে মুখ্যমন্ত্রী মানিক সাহা এডিসি নির্বাচনের পর রাজনৈতিক সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত ২৫৮টি পরিবারের জন্য মোট ৬৪ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার ঘোষণা করেন।