আগরতলা, ২২ এপ্রিল, ২০২৬ঃ
আবারও বিতর্কে জড়ালেন ত্রিপুরার বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোফাজ্জল হোসেন। স্থানীয়দের অভিযোগ, স্বদলীয় কর্মীর বাড়িতে নিজেরাই ভাঙচুর চালিয়ে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলার চেষ্টা করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বুধবার সকাল প্রায় ৮টা নাগাদ দয়ালপাড়ায় বিজেপি কর্মী মহামায়া দেববর্মার বাড়ি ও দোকানে গিয়ে গেটের তালা ভেঙে ভাঙচুর চালানো হয়। স্থানীয়দের দাবি, এই ঘটনা ঘটে বিধায়ক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এবং পুলিশের উপস্থিতিতেই এই ভাঙচুর করা হয়।
জানা গেছে, একই দিনে সকাল ১১টা নাগাদ ওই এলাকায় পরিদর্শনে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য-র। অভিযোগ উঠেছে, তাঁদের সামনে ভাঙচুরের চিত্র তুলে ধরতেই এই ঘটনাকে সাজানো হয়েছিল।
ঘটনাটি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থলে জড়ো হন এবং মুখ্যমন্ত্রীর আগমনের অপেক্ষা করতে থাকেন।
এদিকে, সকাল থেকেই এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। দয়ালপাড়া এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, এর আগেও গত সোমবার কলমচৌড়া থানার ওসিকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে একই বিধায়ককে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে ওসির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।