আগরতলা, ৮ মে, ২০২৬ঃ
ত্রিপুরায় রাজ্যে শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে উৎপাদনমুখী শিল্প গড়ে তোলার উপর বিশেষ গুরুত্বারোপ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার সচিবালয়ের ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরা, আইপ্যাট এর গভর্নিং বডির বৈঠকে তিনি এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার শিল্পবান্ধব সরকার এবং ত্রিপুরায় শিল্প গড়ে তোলার বিপুল সম্ভাবনা রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ ও রাজ্যের উদাহরণ তুলে ধরে তিনি জানান, যেখানে উৎপাদনভিত্তিক শিল্প গড়ে উঠেছে, সেখানে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। তাই ত্রিপুরাতেও স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে শিল্প বিকাশের পথ সুগম করতে হবে।
এই প্রসঙ্গে তিনি রাজ্যের বাঁশ ও রাবার সম্পদের সম্ভাবনার কথা উল্লেখ করেন। জনজাতি অধ্যুষিত এলাকার যুবক-যুবতীদের দক্ষতার প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, তাদের মেধা ও সক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে প্রান্তিক এলাকাতেও শিল্প গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশও দেন তিনি।
বৈঠকে সাব্রুমের জলেফায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ধলাই জেলার কুলাই এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ৫০ আসন বিশিষ্ট একটি এমবিবিএস মেডিক্যাল কলেজ স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়।