আগরতলা, ৮ মে, ২০২৬ঃ
দেশজুড়ে বছরব্যাপী পালিত হতে চলা ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এর অংশ হিসেবে আগামী ১১ মে ত্রিপুরায় রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আগরতলার সেন্ট্রাল রোডস্থিত শিব বাড়িতে প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
এদিন রাজ্যের বিভিন্ন জেলাতেও নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হবে। পাশাপাশি সোমনাথ থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রদর্শনের ব্যবস্থাও থাকবে।
এবছর সোমনাথ মন্দিরের উপর প্রথম আক্রমণের ১০০০ বছর এবং স্বাধীন ভারতে মন্দিরটির পুনর্নির্মাণ ও উদ্বোধনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। চলতি বছরের ৮ থেকে ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সোমনাথে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ এর সূচনা হয়।
পরবর্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে জাতীয় বাস্তবায়ন কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে যে, ২০২৬ এর ১১ জানুয়ারি থেকে ২০২৭ এর ১১ জানুয়ারি পর্যন্ত বছরব্যাপী এই কর্মসূচি উদযাপিত হবে।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ মাসে ১২টি প্রধান যাত্রার আয়োজন করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ‘সোমনাথ সংবাদ’, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
৮ মে থেকে ১১ মে পর্যন্ত সোমনাথ মন্দির প্রাঙ্গণে জাতীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে কলশ যাত্রা, ভজন সন্ধ্যা, ওঁকার মন্ত্র জপ, সোমনাথ পুস্তিকায় মন্ত্র লিখন এবং সোমনাথ সম্পর্কিত কাহিনীর বর্ণনা।