আগরতলা, ২২ মে, ২০২৬ঃ
ত্রিপুরার রেল যাত্রীদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে আগরতলা–রাণী কমলাপতি স্পেশাল ট্রেনকে নিয়মিত ট্রেন হিসেবে চালানোর অনুমোদন দিল কেন্দ্রীয় রেল মন্ত্রক।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক চিঠির মাধ্যমে সাংসদ বিপ্লব কুমার দেবকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। চিঠিতে জানানো হয়, বর্তমানে ০১৬৬৬/০১৬৬৫ আগরতলা–রাণী কমলাপতি স্পেশাল ট্রেনকে এবার নিয়মিত ট্রেন হিসেবে অনুমোদন দেওয়া হল। ভবিষ্যতে ট্রেনটি ১১৬৬৬/১১৬৬৫ নম্বরে “আগরতলা–রাণী কমলাপতি এক্সপ্রেস” নামে নিয়মিতভাবে চলাচল করবে।
নতুন সিদ্ধান্তের ফলে যাত্রীদের যাতায়াতে আরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
এই ট্রেনটিকে নিয়মিত পরিষেবার আওতায় আনার জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আংসদ বিপ্লব কুমার দেব বলেন, সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই তিনি ট্রেনটির নিয়মিত পরিষেবার দাবি তুলেছিলেন। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে ত্রিপুরার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, ট্রেনটির নিয়মিত পরিষেবা চালুর অনুমোদন দেওয়ায় সামাজিক মাধ্যমেও কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানান সাংসদ বিপ্লব কুমার দেব।