আগরতলা, ৩১ মে, ২০২৬ঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নিউ ইন্ডিয়া’ গড়ার স্বপ্নকে সামনে রেখে ত্রিপুরা সরকারও একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও ‘নিউ ত্রিপুরা’ গড়ার লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে রবিবার আগরতলায় সহায়তা প্রদান অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পথ বিক্রেতাদের আত্মসম্মান, স্বনির্ভরতা এবং অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজ্যে এ পর্যন্ত ৮,৬৬৬ জন পথ বিক্রেতাকে ভেন্ডিং সার্টিফিকেট প্রদান করা হয়েছে। মোট ১১,৭২৭টি ঋণ আবেদনের মধ্যে ৯,৫৭৮টি অনুমোদিত হয়েছে এবং ৯,৩০১ জন সুবিধাভোগীর মধ্যে ১৫.২৮ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫ হাজার সুবিধাভোগী ঋণ পরিশোধ করেছেন।
তিনি আরও জানান, ৫,৯৮২ জন পথ বিক্রেতা ডিজিটাল লেনদেন ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছেন এবং ৩,১৫২ জন নিয়মিত ডিজিটাল লেনদেন করছেন। এ পর্যন্ত মোট ডিজিটাল লেনদেনের পরিমাণ ২০২.৩৪ কোটি টাকারও বেশি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর বলেন, পিএম স্বনিধি প্রকল্প দেশের প্রান্তিক ও অসংগঠিত ক্ষেত্রের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে। এটি কেবল ঋণ প্রদানের প্রকল্প নয়, বরং পথ বিক্রেতাদের স্বাবলম্বী ও আর্থিকভাবে সুরক্ষিত করার একটি কার্যকর উদ্যোগ।