আগরতলা, ৩১ মে ২০২৬ঃ
আগরতলা বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের যৌথ অর্থায়নে প্রায় ১০০ কোটি টাকার কাজ চলছে। নগরোন্নয়ন ও বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা এবং তার সমাধান নিয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় একথা জানান, কেন্দ্রীয় আবাসন, নগরোন্নয়ন ও বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টর।
সভা থেকে তিনি জানান, রাজ্যে ১১টি সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে, যা আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগরতলা, ধর্মনগর, কৈলাসহর এবং উদয়পুর শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ ব্যবস্থায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের যুক্ত করার জন্যও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের প্রতিটি বাড়িতে শৌচালয়, কমিউনিটি ও পাবলিক টয়লেটের প্রয়োজনীয়তা নিরূপণ করে আগামী ৩০ দিনের মধ্যে একটি বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ খাত সম্পর্কে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, ২০২৭ সালের মধ্যে রাজ্যের ২ লক্ষ বাড়িতে রুফটপ সোলার প্যানেল স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়া বিদ্যুৎ দপ্তরের লোকসান কমানো, স্মার্ট মিটার স্থাপন, ২০২৯-৩০ সালের সম্ভাব্য বিদ্যুৎ চাহিদা পূরণের পরিকল্পনা এবং আন্তঃরাজ্য সঞ্চালন লাইন উন্নয়নের বিষয়েও সভায় আলোচনা ও একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মনোহর লাল খট্টর জানান, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে ২০৪৭ সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ১০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কেন্দ্র সরকার কাজ করছে।