আগরতলা, ২ জুন, ২০২৬ঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ৪ জুন দু’দিনের সফরে ত্রিপুরায় আসছেন। সফরের অন্যতম প্রধান আকর্ষণ হবে ঐতিহাসিক পুষ্পবন্ত প্যালেসকে বিশ্বমানের বিলাসবহুল তাজ হোটেলে রূপান্তরের বহুল প্রতীক্ষিত প্রকল্পের আনুষ্ঠানিক ভূমিপুজো।
আগামী ৫ জুন আগরতলার পুষ্পবন্ত প্যালেস প্রাঙ্গণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে এই ভূমিপুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, এই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিম ত্রিপুরা ও সিপাহীজলা জেলার সীমান্তবর্তী এলাকাও পরিদর্শন করবেন। সীমান্ত নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে তিনি সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানা গেছে।
সরকারি সূচি অনুযায়ী, ৪ জুন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে অমিত শাহ আগরতলা বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে শালবাগান বিএসএফ ফ্রন্টিয়ারে যাবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন।
৫ জুন সকাল ১০টা ৫৫ মিনিটে পুষ্পবন্ত প্যালেসে তাজ হোটেল প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর দুপুর ১২টা ১৫ মিনিটে লংকামুড়া সীমান্ত এলাকা পরিদর্শনে যাবেন। দুপুর ১টা ৩০ মিনিটে শালবাগান বিএসএফ ফ্রন্টিয়ারে ফিরে মধ্যাহ্নভোজের পর উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন। বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি আগরতলা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন।