আগরতলা, ২ জুন, ২০২৬ঃ
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ‘বছর বাঁচাও’ পরীক্ষা আগামী জুন মাসের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী জানিয়েছেন, সর্বোচ্চ ৬ জুলাইয়ের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে পর্ষদ।
মঙ্গলবার তিনি জানান, পরীক্ষার ফলাফল প্রকাশের ৬০ দিনের মধ্যেই বছর বাঁচাও পরীক্ষা আয়োজন করতে হয়। সেই অনুযায়ী এবারও নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে।
সভাপতি জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা সোমবার শেষ হয়েছে। তবে পরীক্ষার্থীদের উত্তরপত্র “সেল্ফ-ইন্সপেকশন” পরীক্ষা করার সুযোগ এখনও রয়েছে। এ সংক্রান্ত আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৯ জুন।
তিনি আরও জানান, সেল্ফ-ইন্সপেকশনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার যাবতীয় আনুষ্ঠানিক কাজ শেষ হবে। ফলাফল প্রকাশের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত ও পরীক্ষাসংক্রান্ত বিষয় নিয়ে পর্ষদ কাজ করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।
পর্ষদ সূত্রে জানা গেছে, বছর বাঁচাও পরীক্ষা নিয়ে শীঘ্রই বিস্তারিত সূচি প্রকাশ করা হবে।