আগরতলা, ২ জুন, ২০২৬ঃ
রাজ্যের যুবসমাজের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রামকৃষ্ণ মিশন স্কুল অব ল্যাঙ্গুয়েজেস এবং দ্য সেন্টার ফর হিউম্যান অ্যাক্সিলেন্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে মঙ্গলবার সচিবালয়ের দক্ষতা উন্নয়ন দপ্তর ও রামকৃষ্ণ মিশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মৌ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, রাজ্যে ভাষা শিক্ষা ও মানবসম্পদ বিকাশের জন্য এই প্রতিষ্ঠান দুটি স্থাপন একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি জানান, স্কুল অব ল্যাঙ্গুয়েজেসে জার্মান, ফরাসি, স্প্যানিশের পাশাপাশি হিন্দি, সংস্কৃত ও বাংলা ভাষার প্রশিক্ষণ দেওয়া হবে। অন্যদিকে সেন্টার ফর হিউম্যান অ্যাক্সিলেন্সে কম্পিউটার ট্রেনিং সেন্টার, ল্যাঙ্গুয়েজ ল্যাব, ধ্যানকক্ষ এবং স্মার্ট ক্লাসরুমের মতো আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।
মুখ্যমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানগুলির মাধ্যমে শিক্ষার্থীরা দেশ বিদেশে কর্মসংস্থানের সুযোগ অর্জন করতে সক্ষম হবে। তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে গাঙ্গাইল রোডস্থিত রামকৃষ্ণ মিশনে ১০০ জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনের জমিতে স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হবে, যেখানে প্রতি বছর প্রায় এক হাজার শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।
রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শুভকরনানন্দ মহারাজ জানান, হায়দ্রাবাদ ও কলকাতায় ইতিমধ্যেই এই ধরনের প্রতিষ্ঠান সফলভাবে পরিচালিত হচ্ছে। সেখানে ১৮টি বিভাগের মাধ্যমে প্রতিবছর প্রায় ১৮ হাজার শিক্ষার্থী দেশি বিদেশি ভাষা শিক্ষা গ্রহণ করে।