আগরতলা, ৭ জুন, ২০২৬ঃ
কৃষকদের কৃষি পরামর্শ ও অভিযোগ নিষ্পত্তির জন্য আগরতলার নাগিছড়া রাজ্য উদ্যান গবেষণা কেন্দ্রে চালু হলো কিষান হেল্পলাইন সেন্টার। শনিবার এ কথা জানিয়েছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ।
মন্ত্রী জানান, ২০০৪ সালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কৃষকদের সময়োপযোগী কৃষি তথ্য ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদানের উদ্দেশ্যে কিষান কল সেন্টার চালু করা হয়েছিল। ২০২৬ সালে এই পরিষেবার পরিসর বৃদ্ধি করে এর নাম পরিবর্তন করে কিষান হেল্পলাইন সেন্টার রাখা হয়েছে। এর মাধ্যমে কৃষি পরামর্শের পাশাপাশি কৃষক আউটরিচ এবং অভিযোগ নিষ্পত্তির কাজ আরও কার্যকরভাবে পরিচালিত হবে।
তিনি জানান, কৃষকরা ১৮০০-১৮০-১৫৫১ টোল-ফ্রি নম্বরে ফোন করে এই পরিষেবা গ্রহণ করতে পারবেন। দেশজুড়ে ২২টি কেন্দ্রের মাধ্যমে কিষান হেল্পলাইন নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে, যার মোট ধারণক্ষমতা ৪৫০টি সিট। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের তত্ত্বাবধানে পরিচালিত এই পরিষেবার আগরতলা কেন্দ্রটি ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়ের কৃষকদের পরিষেবা দেবে।
মন্ত্রী আরও জানান, কেন্দ্রটি প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। রবিবার ও সরকারি ছুটির দিনেও পরিষেবা চালু থাকবে।