আগরতলা, ৯ জুন, ২০২৬ঃ
ত্রিপুরা লাইভস্টক ডেভেলপমেন্ট এজেন্সির উদ্যোগে রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র এবং নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের প্রাণীপালকদের জীবিকা সুরক্ষায় প্রাণীসম্পদ বিকাশ দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা, প্রাণীপালকদের আয় বৃদ্ধি এবং দুগ্ধজাত শিল্পের বিকাশে আধুনিক প্রাণীপালন প্রযুক্তির প্রসার অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই রাজ্য সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করছে।
মন্ত্রী জানান, নতুন লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র চালু হওয়ার ফলে রাজ্যের গবাদি পশুর কৃত্রিম প্রজনন কর্মসূচি আরও গতিশীল ও কার্যকর হবে। এর মাধ্যমে উন্নত জাতের পশু উৎপাদন বাড়বে এবং প্রাণীসম্পদ ও দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে।
তিনি আরও বলেন, এই প্রকল্পের আওতায় রাজ্যের তিনটি প্ল্যান্টে লিকুইড নাইট্রোজেন উৎপাদন শুরু হলে ত্রিপুরা এই ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। ফলে কৃত্রিম প্রজনন কর্মসূচির জন্য প্রয়োজনীয় লিকুইড নাইট্রোজেনের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হবে এবং বহির্রাজ্যের উপর নির্ভরশীলতা অনেকটাই কমবে।