আগরতলা, ১০ জুন, ২০২৬ঃ
সরকারি আধিকারিকদের প্রতি জনপ্রতিনিধিদের আচরণ এবং প্রশাসনিক মর্যাদার প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মানিক সাহার দ্বারস্থ হলেন টিটিএএডিসি-র এমডিসি রাজেশ্বর দেববর্মা। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বিধায়িকা কল্যাণী রায় সাহার আকস্মিক পরিদর্শন এবং সেই সময় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ড. রাজা জমাতিয়ার কান্নায় ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এমডিসি রাজেশ্বর দেববর্মা, বিভিন্ন সরকারি দফতরে বিধায়ক এবং জনপ্রতিনিধিদের পরিদর্শনের ক্ষেত্রে সুনির্দিষ্ট গাইডলাইন তৈরিরও আবেদন জানিয়েছেন তিনি।
তিনি বলেন, একজন বিধায়কের সরকারি দফতর বা হাসপাতাল পরিদর্শন করে পরিষেবার মান যাচাই করা এবং জনগণের সমস্যার কথা তুলে ধরা গণতান্ত্রিক দায়িত্বের অংশ। একইসঙ্গে একজন সরকারি আধিকারিকেরও মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ পাওয়ার অধিকার রয়েছে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রশাসনিক ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিঠিতে তিনি পরিদর্শনের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেন। তাঁর মতে, প্রথমে সংশ্লিষ্ট দফতর বা হাসপাতাল পরিদর্শন করে প্রকৃত পরিস্থিতি যাচাই করতে হবে। এরপর পাওয়া অসঙ্গতিগুলি লিখিতভাবে নথিবদ্ধ করে সংশ্লিষ্ট আধিকারিকের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া উচিত। প্রয়োজনে বিষয়টি সরকার বা বিধানসভায় উত্থাপন করা যেতে পারে।
চিঠিতে রাজেশ্বর দেববর্মা উল্লেখ করেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। অনেকেই এই ঘটনাকে সরকারি আধিকারিকের প্রতি “কঠোর ও অন্যায্য আচরণ” বলে মনে করছেন, যা প্রশাসনিক কর্মীদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এমডিসি রাজেশ্বর দেববর্মা মুখ্যমন্ত্রীর কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।