আগরতলা, ১১ জুন, ২০২৬ঃ
ত্রিপুরায় জাতীয় পঞ্চায়েত পুরস্কার ২০২৫ প্রাপকদের সংবর্ধনা জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তৃণমূল স্তরে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পঞ্চায়েত ও প্রশাসনিক আধিকারিকদের সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এবং সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়ালকে সংবর্ধনা জানান রাজ্যপাল। স্থানীয় স্তরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সিপাহীজলা জেলা সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে।
এছাড়াও, কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত ‘সেরা স্বাস্থ্যবান পঞ্চায়েত’ বিভাগে দেশসেরা হওয়ায় সংশ্লিষ্ট ব্লকের বিডিও এবং পঞ্চায়েত প্রধানকে সম্মানিত করা হয়। হেজামারা ব্লক অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান সুনীল দেববর্মা এবং ব্লকের বিডিওকেও সংবর্ধনা জানানো হয়। একই ব্লকের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত ‘নারী বান্ধব পঞ্চায়েত’ বিভাগে সারা দেশে তৃতীয় স্থান অর্জন করেছে।
এদিন রাজ্যপাল ত্রিপুরায় হাঁস ও পোল্ট্রি পালনকে উৎসাহিত করার লক্ষ্যে স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে হাঁসের বাচ্চা ও মোরগের ছানা বিতরণ কর্মসূচিতে অংশ নেন। তিনি আশা প্রকাশ করেন, হাঁস-মোরগ পালনের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলি আর্থিকভাবে আরও স্বাবলম্বী হয়ে উঠবে।
রাজ্যপাল স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকদের সঙ্গে মতবিনিময়ও করেন।