আগরতলা, ১১ জুন, ২০২৬ঃ
দীর্ঘদিন ধরে চুক্তি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে আগামী ১২ জুন সকাল থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা ধর্মঘটের ডাক দিয়েছে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ এর প্রাক্তন সদস্যরা। বৃহস্পতিবার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে দিনভর বৈঠকেও কোনও সমাধান সূত্র বের না হওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় এটিটিএফ আত্মসমর্পণকারী বৈরী দলের সভাপতি অলেন্দ্র দেববর্মা জানান, সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও কার্যকর আশ্বাস না মেলায় তারা আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হয়েছেন।
এর আগে সোমবার আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ সদস্যদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে এই ধর্মঘটের ঘোষণা করেছিলেন। ধর্মঘট ঘোষণার পর রাজ্য সরকারের পক্ষে জনজাতি কল্যাণ দপ্তর আত্মসমর্পণকারী বৈরী সংগঠনের নেতৃত্বদের আলোচনা জন্য ডাকেন। বৃহস্পতিবার দিনভর সচিবালয় জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার নেতৃত্বে আলোচনা হলেও কোন সমাধান সূত্র বের হয়নি।
ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জাতীয় সড়ক অবরোধে বসবেন প্রাক্তন বৈরীরা। অলিন্দ্র দেববর্মা জানান শুক্রবার বড়মুড়া পাহাড়ে ভৃগুচন্দ্র দাসপাড়া ও খোয়াই জেলার সুবল সিং এলাকায় অবরোধে বসবেন সংগঠনের সদস্যরা।
আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরীদের অভিযোগ, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রাজ্য ও কেন্দ্র সরকারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পুনর্বাসন ও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দের কথা থাকলেও দুই বছর পেরিয়ে গেলেও সেই চুক্তি কার্যকর করা হয়নি।