আগরতলা, ১১ জুন, ২০২৬ঃ
নিট পরীক্ষা কেলেঙ্কারির প্রতিবাদে এবার আগরতলায় আগরতলায় যুব জমায়েত ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। বৃহস্পতিবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন প্রদেশ যুব কংগ্রেসের সহ সভাপতি রাকেশ দাস।
তিনি জানান, নিট পরীক্ষা কেলেঙ্কারি সহ যুব সমাজের বিভিন্ন সমস্যাকে সামনে রেখে মোট পাঁচ দফা দাবিতে এই আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যুব কংগ্রেসের উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে নিট কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্ত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি রোধ, রাজ্যে ক্রমবর্ধমান মাদক সমস্যার মোকাবিলা এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা।
সাংবাদিক সম্মেলনে রাকেশ দাস অভিযোগ করেন, নিট কেলেঙ্কারির ঘটনায় দেশের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে তিনি দাবি করেন, মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে উঠছে। বিশেষ করে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি সমস্ত ক্ষেত্রেই প্রভাব ফেলছে।
এছাড়াও রাজ্যে নেশার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বেকার সমস্যায় ভুগতে থাকা যুবকদের জন্য স্থায়ী কর্মসংস্থানের দাবিও জানায় যুব কংগ্রেস।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা ১৫ জুনের কর্মসূচিতে ব্যাপক সংখ্যক যুবক-যুবতীর অংশগ্রহণের আহ্বান জানান তিনি।