আগরতলা, ১১ জুন, ২০২৬ঃ
ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের মহিলা হোস্টেলে তরুণীর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম মনীষা দাস৷ ২২ বছর বয়সী মনীষা মধুবন এলাকার বাসিন্দা। তিনি মেডিকেল কলেজের মহিলা হোস্টেলের ওয়ার্ডেন হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার গভীর রাতে হোস্টেলের একটি কক্ষ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে জানান এসডিপিও পারমিতা পান্ডে।
মৃতার পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। মনীষাকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করা হয়েছে বলে পরিবারের দাবি। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, হোস্টেলের ঘরে থাকা ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হলেও পায়ের নিচে টেবিল বা চেয়ার জাতীয় কিছু ছিল না। পাশাপাশি ঘরের বিছানাও এলোমেলো অবস্থায় ছিল, যা নিয়ে সন্দেহ আরও বাড়ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।