আগরতলা, ১২ জুন, ২০২৬ঃ
ত্রিপুরায় রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারকে বিশেষ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ১৮ জনকে চাকরি প্রদান করেছে রাজ্য সরকার। শুক্রবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান রাজ্যের বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
মন্ত্রী জানান, ‘স্কিম ফর প্রোভাইডিং এমপ্লয়মেন্ট টু মেম্বার্স অফ ফ্যামিলি অফ পার্সনস কিল্ড ইন পলিটিক্যাল ভায়োলেন্স’ প্রকল্পের মাধ্যমে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের একজন সদস্যকে শিক্ষাগত যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী সরকারি চাকরি দেওয়া হচ্ছে। বর্তমান সরকার গঠনের পর মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনৈতিক হিংসার শিকার পরিবারগুলির স্বার্থে এই প্রকল্প চালু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রতন লাল নাথ বলেন, এ পর্যন্ত রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছ থেকে মোট ৩৮টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১৮টি ক্ষেত্রে চাকরি প্রদান সম্পন্ন হয়েছে। আরও ১১টি আবেদন স্ক্রুটিনি কমিটির সুপারিশের ভিত্তিতে বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ৫টি আবেদন বাতিল করা হয়েছে এবং ৪টি আবেদন এখনও তদন্তাধীন রয়েছে।
তিনি আরও জানান, কোনো ঘটনাকে রাজনৈতিক খুন হিসেবে চিহ্নিত করার বিষয়টি স্বরাষ্ট্র দপ্তর ও সিভিল প্রশাসনের যৌথ যাচাইয়ের ভিত্তিতে নির্ধারণ করা হয়। আবেদনগুলি যাচাই ও পর্যালোচনার জন্য একটি স্ক্রুটিনি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মন্ত্রী রতন লাল নাথ।