আগরতলা, ১৪ জুন, ২০২৬ঃ
ত্রিপুরার রেল পরিষেবায় নতুন যুগের সূচনা হতে চলেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে রাজ্যে আধুনিক বৈদ্যুতিক মেমু ট্রেন পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আগরতলা সাব্রুম রুটে ১৩ ও ১৪ জুন, অর্থাৎ শনিবার ও রবিবার শুরু হচ্ছে মেমু ট্রেনের ট্রায়াল রান।
ইতিমধ্যেই আগরতলায় পৌঁছেছে ১২ কোচের অত্যাধুনিক বৈদ্যুতিক মেমু ট্রেন। বর্তমানে ট্রেনটির বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা চালানো হচ্ছে। ট্রায়াল রানের মাধ্যমে ট্রেনের কার্যকারিতা, নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রীসেবার মান যাচাই করা হবে বলে রেল সূত্রে জানা গেছে।
ত্রিপুরার ২৭১ কিলোমিটার রেল নেটওয়ার্কে শতভাগ বিদ্যুতায়নের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পরই এই বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে আগরতলা সাব্রুম এবং আগরতলা বদরপুর রুটে ট্রায়াল শুরু হলেও ভবিষ্যতে আগরতলা ধর্মনগর রুটেও এই পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচলিত যাত্রীবাহী ট্রেনের তুলনায় মেমু ট্রেন দ্রুত গতি তুলতে এবং দ্রুত থামতে সক্ষম। ফলে যাত্রার সময় কমবে এবং দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে। এছাড়াও ছোট ছোট স্টেশন ও শহরতলির এলাকায় বেশি সংখ্যক স্টপেজ দেওয়া সম্ভব হবে।
পরিবেশবান্ধব এই উদ্যোগের ফলে ডিজেলচালিত ট্রেনের পরিবর্তে বৈদ্যুতিক ট্রেন চালু হওয়ায় কার্বন নিঃসরণ ও শব্দদূষণও উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।