আগরতলা, ১৬ জুন, ২০২৬ঃ
নিট কেলেঙ্কারির প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিলে সিআরপিএফ’র ভূমিকার প্রতিবাদে নতুন আন্দোলন শুরু করেছে যুব কংগ্রেস। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারী ছাত্র-যুব কর্মীদের উপর লাঠিচার্জ, দুর্ব্যবহার এবং গালিগালাজের অভিযোগ উঠেছে সিআরপিএফ’র এক আধিকারিক রাম কুমারের বিরুদ্ধে। এই ঘটনায় সোমবার রাতে পশ্চিম আগরতলা থানায় এফআইআর দায়ের করেছে যুব কংগ্রেস।
অভিযোগ, বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া কংগ্রেস কর্মী-সমর্থকদের উপর বিনা নির্দেশে লাঠিচার্জ চালানো হয় এবং মহিলা আন্দোলনকারীদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করা হয়। যুব কংগ্রেস নেতৃত্বের দাবি, অভিযুক্ত অফিসার রাম কুমার আন্দোলনকারীদের সঙ্গে অসাংবিধানিক আচরণ করেছেন এবং মহিলাদের অপমান করেছেন।
মঙ্গলবার যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল ত্রিপুরায় সিআরপিএফ’র ডিআইজির সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ জানায়। প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ, যুব কংগ্রেস প্রদেশ সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃত্ব।
যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে গণতান্ত্রিক আন্দোলন চলাকালে কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্ত অফিসার রাম কুমারের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
যুব কংগ্রেস হুঁশিয়ারি দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠন।