আগরতলা, ১৭ জুন, ২০২৬ঃ
রাজ্যের বিদ্যালয়গুলিতে ককবরক ভাষার পাঠ্যপুস্তক রোমান হরফে প্রকাশ এবং বিভিন্ন সরকারি দপ্তরে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত শূন্যপদ দ্রুত পূরণের দাবিতে আগামী ২৪ জুন আগরতলায় গণঅবস্থান করবে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন, টিএসএফ।
বুধবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি সম্রাট দেববর্মা এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত বহু পদ শূন্য পড়ে রয়েছে। নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বহু শিক্ষিত যুবক-যুবতীদের অনেকেই বয়সসীমা পেড়িয়ে যাচ্ছে। এর ফলে সংরক্ষিত পদগুলিও কার্যত বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
টিএসএফের পক্ষ থেকে জানানো হয়, তথ্যের অধিকার আইনে পাওয়া সরকারি তথ্যে, শুধুমাত্র পুলিশ দপ্তরেই তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত ১,০৮৯টি এবং তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ২,৪৫৭টি পদ বর্তমানে শূন্য রয়েছে।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে ককবরক ভাষা শিক্ষায় রোমান হরফ চালুর দাবিও তুলে আসছে সংগঠনটি। এই দাবির সমর্থনে সম্প্রতি রাজ্য ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে বিদ্যালয় স্তরের ককবরক ভাষার পাঠ্যপুস্তক রোমান হরফে প্রকাশের দাবি জানানো হয়েছে।
এই দুই দাবিকে সামনে রেখে আগামী ২৪ জুন আগরতলার সার্কিট হাউস এলাকার গান্ধী মূর্তির পাদদেশে সকাল ১১টা থেকে শুরু হবে এই গণঅবস্থান।