আগরতলা, ১৯ জুন, ২০২৬ঃ
নারী নিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের মৃত্যু ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবিতে শুক্রবার আগরতলায় বিক্ষোভ মিছিল করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করে মহিলা কংগ্রেসকর্মীরা রাজ্যে নারী নির্যাতন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মনীষা দাসের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে স্লোগান দেন।
এদিন মিছিল আগরতলা ফায়ারব্রিগেড চৌমুহনী পৌঁছে রাজ্য পুলিশের সদর কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ সময় পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মহিলা কংগ্রেসকর্মীরা। পরে মহিলা কংগ্রেসের একটি প্রতিনিধিদল পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করে। সংগঠনের পক্ষ থেকে মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর দ্রুত ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়।
এদিন মিছিল থেকে সর্বানি ঘোষ চক্রবর্তী বলেন, রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। বিভিন্ন সময়ে নারী নির্যাতন, শ্লীলতাহানি ও সহিংসতার ঘটনা সামনে আসছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দ্রুত শাস্তির দাবিতেই এই প্রতিবাদ কর্মসূচি বলে জানান তিনি।
মহিলা কংগ্রেসের অভিযোগ, নারীঘটিত অপরাধের বিরুদ্ধে এবং সরকারের ভূমিকার প্রতিবাদ জানাতেই এই আন্দোলন।