আগরতলা, ২০ জুন, ২০২৬ঃ
মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত ২৪ জুন থেকে ঘোষিত অনির্দিষ্টকালের রেল ও জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত থেকে সরে আসবে না জেএআরসি ও জেএসি। শনিবার রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর সংগঠনগুলির নেতৃত্ব তাদের অবস্থান স্পষ্ট করেছে।
জানা গেছে, নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এই অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিদের ৩টি সংগঠন। শনিবার স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত এএসপি’র সঙ্গে বৈঠকে জেএআরসি ও জেএসি এর প্রতিনিধিরা জানান, মুখ্যমন্ত্রীর কাছ থেকে নির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে না।
বৈঠকের পর সংগঠনের নেতৃত্ব জানায়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে তারা আগ্রহী হলেও মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছাড়া ২৪ জুনের রেল ও সড়ক অবরোধ কর্মসূচি থেকে পিছিয়ে আসা সম্ভব নয়।
এদিকে, আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীগুলির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ত্রিপুরায় অতীতের অশান্তির দিনগুলি যাতে আর ফিরে না আসে, সেদিকে সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, সরকারের পক্ষ থেকে তাদের প্রতি সহানুভূতি রয়েছে এবং আলোচনার মাধ্যমে তাদের দাবিদাওয়া সমাধানের জন্য সরকার বদ্ধপরিকর।
মুখ্যমন্ত্রী আরও বলেন, শান্তি বজায় রেখে রাজ্যের উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।