আগরতলা, ২১ জুন, ২০২৬ঃ
আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। দ্য আর্ট অফ লিভিং ফাউন্ডেশন, ত্রিপুরার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের আধিকারিক ও কর্মচারীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্র সিং, মহাব্যবস্থাপক শ্রী অনুপ কুমার সাহা, ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক এবং বিভিন্ন স্তরের কর্মীরা। সকলেই যোগাভ্যাসে অংশ নিয়ে আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য তুলে ধরেন।
যোগ কর্মসূচিটি পরিচালনায় বিশেষ সহযোগিতা ও নির্দেশনা প্রদান করেন দ্য আর্ট অফ লিভিং ফাউন্ডেশন, ত্রিপুরার সিনিয়র শিক্ষক শ্রীমতী মঞ্জু সিনহা। তাঁর দক্ষ পরিচালনায় যোগসেশনটি অংশগ্রহণকারীদের কাছে ফলপ্রসূ ও উপভোগ্য হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যোগ শুধুমাত্র শরীরচর্চার মাধ্যম নয়, এটি সুস্থ জীবনযাপন, মানসিক প্রশান্তি ও আত্মিক শক্তি বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ অনুশীলন। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য “Yoga for Healthy Ageing”-কে সামনে রেখে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মীদের সুস্বাস্থ্য, ইতিবাচক মানসিকতা এবং সামগ্রিক বিকাশে গুরুত্ব দিচ্ছে।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।