আগরতলা, ২২ জুন, ২০২৬ঃ
ত্রিপুরায় বিজেপির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও সক্রিয় করতে উদ্যোগ নিলেন প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে দলের কোর কমিটির বৈঠক করেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের বিজেপি কো-অর্ডিনেটর সম্বিত পাত্রা বিশেষভাবে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় জানান, প্রতি মাসেই দলের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। সোমবারের বৈঠকে দলের সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, এখন থেকে দলের প্রতিটি মণ্ডল ও শাখা সংগঠনের মণ্ডল স্তরে প্রতি মাসে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি রাজ্য স্তরে দলের যে সমস্ত কমিটি এখনও বাকি রয়েছে, সেগুলি দ্রুত পুনর্গঠন করার উদ্যোগ নেওয়া হবে।
কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে বিভিন্ন সময় যে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়, সেগুলিকে সফলভাবে বাস্তবায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান অভিষেক দেবরায়।
এদিকে সোমবার সকালে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় ও উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর সম্বিত পাত্রা মুখ্যমন্ত্রী মানিক সাহার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দলের সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।