আগরতলা, ২৪ জুন, ২০২৬ঃ
ত্রিপুরার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং প্রযুক্তিগত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সমস্যা সমাধানের লক্ষ্যে কলকাতায় গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। বুধবার কলকাতার বিকাশ ভবনে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ত্রিপুরার শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে কিশোর বর্মন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রীর কাছে রাজ্যের ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে জানান, অতীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানে ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা ছিল। এর মাধ্যমে বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। কিন্তু পরবর্তীতে সেই ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় ত্রিপুরার মেধাবী শিক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বিষয়টিতে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি আশ্বাস দেন, ত্রিপুরার ছাত্রছাত্রীদের স্বার্থে পশ্চিমবঙ্গের সরকারি প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পূর্বের সংরক্ষিত আসন ব্যবস্থা পুনরায় চালুর বিষয়টি দ্রুত বিবেচনা করা হবে।
ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক রয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ত্রিপুরার বহু ছাত্রছাত্রী উন্নত প্রযুক্তিগত শিক্ষার সুযোগ লাভ করবে এবং উত্তর-পূর্বাঞ্চলের মানবসম্পদ উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।