আগরতলা, ৩০ জুন, ২০২৬ঃ
চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকার পর আগরতলার জিবিপি হাসপাতালে রোগীর ভিড় বেড়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালের বহির্বিভাগসহ বিভিন্ন বিভাগে রোগী ও তাঁদের পরিজনদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
জিবিপি হাসপাতালের চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার বন্ধ থাকায় চিকিৎসা নিতে অধিকাংশ মানুষ সরাসরি হাসপাতালে আসছেন। এর ফলে স্বাভাবিক দিনের তুলনায় রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের পরিষেবার উপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলে জানা গেছে। রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের অভিযোগ, এত সংখ্যক রোগীর পরিষেবা দেওয়ার মতো পর্যাপ্ত পরিকাঠামো বর্তমানে নেই।
বিশেষ করে গাইনি ওপিডিতে মঙ্গলবার ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। গর্ভবতী মহিলাদের দীর্ঘ সময় গরমের মধ্যে লাইনে অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ। অনেক রোগী লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন বলেও জানা গেছে। রোগীদের বক্তব্য, চিকিৎসা নিতে এসে দীর্ঘ অপেক্ষার কারণে আরও সমস্যায় পড়তে হচ্ছে।
রোগী ও পরিজনদের দাবি, হাসপাতালে রোগীর ভিড় হওয়া স্বাভাবিক, কিন্তু সেই অনুপাতে পরিষেবার ব্যবস্থা না থাকায় দুর্ভোগ বাড়ছে। তাঁরা দ্রুত পরিকাঠামো উন্নয়ন ও রোগী পরিষেবায় বাড়তি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, জিবিপি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে পরিষেবা নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যেই রাজ্য সরকার কর্তব্যরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর বহু চিকিৎসক হাসপাতালে পরিষেবায় বেশি সময় দিচ্ছেন বলে দাবি করা হলেও, প্রাইভেট চেম্বার বন্ধ হওয়ার পর রোগীর চাপ আরও বেড়েছে বলে অভিযোগ।