আগরতলা, ৩০ জুন, ২০২৬ঃ
ত্রিপুরায় গত চার বছরে প্রায় ৮৩ কোটি টাকার সাইবার প্রতারণার ঘটনা ঘটেছে। মঙ্গলবার আগরতলায় অনুষ্ঠিত ‘রাজ্য ডেটার জন্য সাইবার নিরাপত্তা কাঠামো শক্তিশালীকরণ’ শীর্ষক রাজ্যস্তরের পরামর্শমূলক কর্মশালায় এই তথ্য জানান রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যনকর। কর্মশালায় তিনি জানান, দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে এই প্রতারিত ৮৩ কোটি টাকার মধ্যে ১৫ কোটি ৪৩ লক্ষ টাকা ফ্রিজ করা সম্ভব হয়েছে এবং ১ কোটি ২৩ লক্ষ টাকা প্রতারিতদের ফেরত দেওয়া হয়েছে। মহানির্দেশক বলেন, সাইবার অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হওয়ায় তদন্ত প্রক্রিয়াতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। জনগণকে সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি দপ্তর এবং কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীন ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করে রাজ্যের মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার জালিয়াতির ঘটনাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ভুয়া হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে জরুরি চিকিৎসার অজুহাতে অর্থ হাতিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটছে। আর্থিক লেনদেনের আগে তথ্য যাচাই করার পাশাপাশি সাধারণ মানুষকে সাইবার নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তথ্য প্রযুক্তি দপ্তরের অধিকর্তা জেয়া রাগুল গেশন বি. রাজ্যের সাইবার নিরাপত্তা ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরে ত্রিপুরা সাইবার সিকিউরিটি পলিসি ২০২৫ বাস্তবায়ন, স্টেট ডেটা সেন্টার এবং নেটওয়ার্ক পরিকাঠামোর উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য বাস্তবায়নে ত্রিপুরার অগ্রগতি এবং রাজ্যের সাইবার নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।