আগরতলা, ১ জুলাই, ২০২৬ঃ
সরকার পক্ষ ও বিরোধী দলের সদস্যরা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে ত্রিপুরার উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। বুধবার ত্রিপুরা বিধানসভার ৬৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আশা প্রকাশ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, আইনসভাকে গণতন্ত্রের মন্দির বলা হয়। বিধানসভার সদস্যদের আদর্শ, নিষ্ঠা ও মানুষের প্রতি সেবার মনোভাবই আইনসভাকে প্রকৃত অর্থে পবিত্র করে তোলে। জনপ্রতিনিধিরা নিজেদের জন্য নয়, বরং জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে মানুষের সেবা করার লক্ষ্যেই বিধানসভায় আসেন।
রাজ্যপাল বলেন, রাজ্য সরকার মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়ন, উন্নত শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, আইনশৃঙ্খলা রক্ষা, শান্তি প্রতিষ্ঠা, পরিকাঠামো উন্নয়ন ও কৃষিক্ষেত্রের অগ্রগতির জন্য কাজ করছে। বিশেষ করে জনজাতি সমাজের উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরার ইতিহাস এবং বিধানসভার গৌরবময় যাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান বিধায়করাও জনকল্যাণে নিজেদের দায়িত্ব পালন করে যাবেন।
বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা। তিনি ত্রিপুরা বিধানসভার প্রাক্তন বিধায়কদের অবদানের কথাও স্মরণ করেন।