আগরতলা, ৮ জুলাই ২০২৬ঃ
ত্রিপুরায় আগামী ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের আগরতলা আবহাওয়া কেন্দ্র। মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সংলগ্ন সুস্পষ্ট নিম্নচাপ, মৌসুমি অক্ষরেখা এবং উত্তর-পূর্ব আসামের উপরিভাগের ঘূর্ণাবর্তের সম্মিলিত প্রভাবে রাজ্যে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আবহাওয়া দপ্তর ৮ জুলাইয়ের জন্য পশ্চিম, খোয়াই, ধলাই ও গোমতী জেলায় কমলা সতর্কবার্তা জারি করেছে। এই চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, সিপাহিজলা ও দক্ষিণ জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া ৯ জুলাই রাজ্যের সব জেলায় এবং ১০ জুলাই পশ্চিম, খোয়াই, সিপাহিজলা, গোমতী ও দক্ষিণ জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ধলাই জেলার ছামনুতে সর্বোচ্চ ১৩৯.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া পশ্চিম জেলার লেম্বুছড়াতে ১০৫.৫ মিমি, উনকোটি জেলার কুমারঘাটে ৯২.৫ মিমি এবং দক্ষিণ জেলার সাব্রুমে ৮৭.০ মিমি বৃষ্টিপাত হয়েছে।