আগরতলা, ৮ জুলাই, ২০২৬ঃ
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক দেবব্রত দাস।
অধ্যাপক দেবব্রত দাসের রয়েছে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা। তিনি রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়, গৌহাটি বিশ্ববিদ্যালয় এবং তেজপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা ও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন।
শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি এর বিশেষ সহায়তা কর্মসূচি এর নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি ইউজিসি, ইন্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সায়েন্স রিসার্চ, কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়, ইগনোএবং ফোর্ড ফাউন্ডেশনের অর্থায়নে একাধিক গবেষণা প্রকল্প পরিচালনা করেছেন।
অধ্যাপক দাস ইন্দো-ফরাসি সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির আওতায় ফ্রান্সে পোস্ট-ডক্টরাল গবেষণাও সম্পন্ন করেছেন। এছাড়া তিনি ফোর্ড ফাউন্ডেশন সমর্থিত মাইক্রোফাইন্যান্স রিসার্চার্স অ্যালায়েন্স প্রোগ্রাম-এর ফেলো ছিলেন।
গবেষণার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ৬৫টিরও বেশি গবেষণাপত্র, দুটি গ্রন্থ এবং একাধিক সম্পাদিত গ্রন্থ প্রকাশ করেছেন। এছাড়া তিনি অরুণাচল প্রদেশ প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন রেগুলেটরি কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি তৎকালীন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের লিডারশিপ ফর একাডেমীসিয়ান্স প্রোগ্রাম সংক্ষেপে লিপ এর অধীনে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুল থেকে সিনিয়র একাডেমিক প্রোগ্রাম সম্পন্ন করেন।