আগরতলা, ২৪ জুলাই, ২০২৬ঃ
বিচার বিভাগীয় তদন্তের দাবি খারিজ করে দিয়ে ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল, এসআইটি গঠন করল রাজ্য পুলিশ। এদিন রাজ্য পুলিশ সদর কার্যালয় থেকে জারি এক নির্দেশে ঘটনার তদন্তের দায়িত্ব পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারকে দেওয়া হয়েছে।
নির্দেশটিতে জানানো হয়েছে, পুলিশ মহা নির্দেশকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পশ্চিম আগরতলা থানায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারায় মামলা নেওয়া হয়েছে। এবার এই মামলার তদন্ত করবেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক। তদন্তে পুলিশ সুপারকে সহায়তা করবেন পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ এবং মামলার বর্তমান তদন্তকারী আধিকারিক এসআই শুভজিৎ দেব। তদন্তের স্বার্থে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সহ অন্য ইউনিটের আধিকারিকদের যোগ করার ক্ষমতাও দেওয়া হয়েছে। পাশাপাশি প্রযুক্তিগত সহায়তার জন্য সাইবার ক্রাইম ইউনিট, ক্রাইম ব্রাঞ্চের সহায়তা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
নির্দেশে আরও বলা হয়েছে, তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রতি সপ্তাহে বিস্তারিত প্রতিবেদন ত্রিপুরা পুলিশের আইজি ল অ্যান্ড অর্ডার এর কাছে জমা দিতে হবে।
গত ২০ জুলাই আগরতলার পুলিশ সদর দফতরে কর্মরত অবস্থায় ত্রিপুরা পুলিশের ডিজিপি আইপিএস অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু হয়। ঘটনাটি ঘিরে রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে, বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এবং সিপিআইএম এই মৃত্যুর ঘটনায় রাজ্য হাইকোর্টের একজন কর্মরত বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছিল।