আগরতলা, ৩০ জুলাই, ২০২৬ঃ
মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আধুনিক জনপরিষেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। বৃহস্পতিবার খোয়াই জেলায় প্রায় ৮ কোটি ৯ লক্ষ ১৩ হাজার টাকা ব্যয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী ভগৎ সিং জিমনাসিয়ামের আধুনিকীকরণ, শৈশব ও আনন্দনীড় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এআই-চালিত স্মার্ট শিক্ষা ব্যবস্থার উদ্বোধন করেন। এছাড়াও ভার্চুয়াল মাধ্যমে একাধিক প্রকল্পের সূচনা করেন।
মুখ্যমন্ত্রী জানান, দূরবর্তী এলাকার মানুষের জন্য চালু হওয়া ৮টি স্মার্ট ওপিডি কিট টেলিমেডিসিন পরিষেবাকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে খোয়াই সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব ও ডিজিটাল স্মার্ট বোর্ড স্থাপনের মাধ্যমে প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়ানো হয়েছে। প্রশাসনিক পরিষেবা গতিশীল করতে অফিসটিলায় সমাজকল্যাণ দপ্তরের নতুন জেলা অফিস উদ্বোধন করা হয়েছে। শিশুদের আধুনিক শিক্ষার সঙ্গে পরিচিত করতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে স্মার্ট স্ক্রিন ও ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভগৎ সিং জিমনাসিয়ামে আধুনিক জিম সরঞ্জাম ও ট্রেডমিল সংযোজনের মাধ্যমে উন্নত শরীরচর্চার সুবিধা তৈরি হয়েছে।
পরিবেশ সংরক্ষণে খোয়াই জেলার ৮৬০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রুফটপ রেইন ওয়াটার হারভেস্টিং ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি মহিলা থানা ও সুভাষ পার্ক এলাকায় নারীদের জন্য পিংক টয়লেট চালু করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এর আওতায় ব্যাটারিচালিত বর্জ্যবাহী ট্রিপার চালুর ফলে ভেজা ও শুকনো বর্জ্য পৃথকভাবে সংগ্রহ ও পরিবহণ করা সম্ভব হবে। এছাড়া অসহায় পরিবারের জন্য স্বল্প খরচে শবদেহ বহনকারী ভ্যান পরিষেবাও চালু হয়েছে।