আগরতলা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ঃ
নীরমহল এবং রুদ্রসাগরের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক মেলবন্ধন দেশ ও বিদেশে আরও প্রসারিত করতে হবে। এতে রাজ্য, বহিরাজ্য ও বিদেশি পর্যটকরা বেশি করে নীরমহলে আসবেন এবং এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে। তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
মেলাঘরের রাজঘাটে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এখানকার মানুষের জীবনযাত্রার সঙ্গে নীরমহল ও রুদ্রসাগর অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশের অন্যান্য জলমহলের তুলনায় নীরমহলের সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের জন্য মূল আকর্ষণ।
তিনি আরও জানান, স্বদেশ দর্শন কর্মসূচির মাধ্যমে রাজ্যের পর্যটন শিল্প উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে, যার মধ্যে নীরমহলও রয়েছে। গ্রামীণ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে জোর দেওয়া হয়েছে এবং প্রায় ৬০ হাজার স্বসহায়ক দলের মাধ্যমে নারীদের স্বনির্ভর করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সবাইকে একত্রিত হয়ে শান্তি বজায় রেখে “এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা” গঠনের আহ্বান জানান।
সমাপ্তি অনুষ্ঠানের সভাপতি, উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন বলেন, নীরমহল ও রুদ্রসাগর এই এলাকার মানুষের জীবনজীবিকার সঙ্গে জড়িত এবং এই প্রাসাদের জন্য তারা গর্ববোধ করে।