আগরতলা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ঃ
আগরতলা থেকে আহমেদাবাদ পৌছাতে গিয়ে ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের নিরাপত্তা বাহিনী টিএসআর এর একাধিক জওয়ান। আগামী ৩১ অক্টোবর গুজরাটের আহমেদাবাদ একতা প্যারেডে অংশ নিতে রাজ্য সরকারের তরফে তাদের পাঠানো হয়েছে। আগরতলা থেকে ট্রেনে আহমেদাবাদের দূরত্ব ১৯১৯ কিলোমিটার। ট্রেন যাত্রায় আমেদাবাদ পৌঁছাতে সময় লাগে প্রায় দুই দিন ১৯ ঘন্টা। এই পরিস্থিতিতে প্রায় দেড় শতাধিক টিএসআর জওয়ানদের জন্য বিশেষ বগির ব্যবস্থা না করেই ট্রেনের সাধারণ যাত্রীদের সঙ্গে আহমেদাবাদ পাঠিয়ে দেওয়া হয়েছে। সাধারণ যাত্রীদের সঙ্গে ভ্রমণ করতে গিয়ে প্রয়োজনীয় সুযোগ সুবিধা না পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক জওয়ান।
টিএসআর ১৪ এবং ১৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা অভিযোগ করেছেন যে তাদের জন্য বিশেষ বগির কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে সাধারণ যাত্রীদের সঙ্গে ঠাসাঠাসি করে এবং প্রচণ্ড গরমে যাত্রা করতে হচ্ছে। এই পরিস্থিতিতে জওয়ানদের মধ্যে ক্ষোভও বেড়ে গেছে।
সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতার কারণে এমন দুর্ভোগে পড়তে হয়েছে রাজ্যের গর্ব টিএসআর জওয়ানদের। তবে প্যারেডে অংশ নেওয়ার জন্য জওয়ানরা স্বেচ্ছায় কষ্ট সইয়ে যাত্রা চালিয়ে যাচ্ছেন।