আগরতলা, ৮ অক্টোবর, ২০২৫ঃ
নেপালের একটি হোটেল থেকে উদ্ধার হলো ত্রিপুরার আগরতলার দুই নাগরিকের মৃতদেহ। নিহতরা হলেন আগরতলা রামনগর এলাকার বাসিন্দা সাগর আচার্য ও সজল আচার্য। সম্পর্কে এরা বাবা ও ছেলে। মঙ্গলবার রাতে নেপালের শাহ হোটেলে তাদের মৃতদেহ উদ্ধার হয় বলে সূত্রের খবর।
ঘটনার খবর আগরতলায় পৌঁছাতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বুধবার বিকেল থেকে রাজ্যের মুখ্যসচিব জীবন কুমার সিনহা ও পুলিশের এক শীর্ষ আমলার মধ্যে একাধিকবার ফোনে যোগাযোগ হয়। পরে বিষয়টি পশ্চিম ত্রিপুরার জেলাশাসক বিশাল কুমারের কাছে পৌঁছালে তিনি নিজে পুরো ঘটনার তদন্ত তদারকি শুরু করেন।
সূত্রের খবর, নেপালের বীরগুঞ্জ এলাকার ওই হোটেলেই ৭ অক্টোবর শনাক্ত করা হয় দুই ভারতীয় নাগরিকের মৃতদেহ। দু’জনের পাসপোর্টে আগরতলার রামনগর ঠিকানার উল্লেখ রয়েছে।
এরা কি কারণে নেপালে গিয়েছিলেন তা এখনো স্পষ্ট নয়। ঘটনাটি খুন না আত্মহত্যা এই নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ। একইসঙ্গে দিল্লিস্থ নেপাল দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে ত্রিপুরা প্রশাসনও।
মৃতদেহ দুটি প্রথমে দিল্লি হয়ে আগরতলায় আনা হবে নাকি সরাসরি রাজ্যে ফেরত পাঠানো হবে, তা এখনও স্পষ্ট নয়।