আগরতলা, ১৫ অক্টোবর, ২০২৫ঃ
রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের প্রকাশ্য ঘুষ নেওয়ার স্বীকারোক্তির ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ত্রিপুরা কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা বুধবার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে লিখিতভাবে মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানিয়েছেন।
চিঠিতে আশিষ কুমার সাহা উল্লেখ করেছেন, এক সাক্ষাৎকারে মন্ত্রী স্বয়ং স্বীকার করেছেন যে তিনি বিভিন্ন “সোর্স” থেকে টাকা নিয়ে থাকেন এবং অন্যান্য মন্ত্রীরাও একইভাবে অর্থ গ্রহণ করেন। মন্ত্রী সুধাংশু দাস ২০১৮ সালের আগে যিনি বিপিএল পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন, সেই মন্ত্রীর এবং তার পরিবারের বর্তমানে কোটি কোটি টাকার সম্পত্তি হয়েছে। এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও রাজ্য সরকার, এমনকি ইডি, আইটি বা সিবিআই এখনও তদন্ত শুরু করেনি বলে তিনি দাবি করেন।
কংগ্রেস সভাপতির বক্তব্য, “বিজেপি এখন বড় এক ‘ওয়াশিং মেশিন’-এ পরিণত হয়েছে। দুর্নীতির অভিযোগ থাকলেও মন্ত্রিসভার কেউ বা সরকারের প্রধান কেউ মুখ খোলেন না।” কংগ্রেস অবিলম্বে সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে অপসারণ করে তার ও পরিবারের সম্পদের উৎসের তদন্তের দাবি তুলেছে। পাশাপাশি অন্যান্য মন্ত্রীদের অস্বাভাবিক আর্থিক বৃদ্ধির বিষয়েও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে কংগ্রেস।