আগরতলা, ২৫ অক্টোবর, ২০২৫ঃ
”লাখপতি দিদিরাই আগামী দিনে রাজ্যের অর্থনীতির মজবুত বুনিয়াদ হয়ে উঠবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল রাজ্যের স্বসহায়ক দলের সদস্যাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা।” ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে রাজ্যব্যাপী ‘সমৃদ্ধি’ কর্মসূচির উদ্বোধন করে শনিবার একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের ক্ষমতায়ন, বিকশিত ত্রিপুরা নির্মাণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলাদের স্বশক্তিকরণের লক্ষ্যে নানা প্রকল্প গ্রহণ করেছেন, এবং ত্রিপুরা সরকারও সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে রাজ্যে ১ লক্ষ লাখপতি দিদি এবং ৪ লক্ষ ৮৬ হাজার স্বসহায়ক দলের সদস্যা রয়েছেন। ২০৩০ সালের মধ্যে ত্রিপুরাকে মহিলা ক্ষমতায়ণের ক্ষেত্রে দেশের অন্যতম অগ্রগণ্য রাজ্যে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বিভিন্ন গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য ১৯৮.৬৩ কোটি টাকার ব্যাংক ঋণ অনুমোদন এবং ১০০ কোটি টাকার কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড প্রদান করা হয়েছে।
এছাড়া অনুষ্ঠানে রাজ্যের শ্রেষ্ঠ ৭ জন ব্যাঙ্ক সখি, ৫ জন রকভিত্তিক সমৃদ্ধি কর্মসূচি পরিচালনাকারী, এবং ৬ জন জেলাভিত্তিক সমৃদ্ধি কর্মসূচি পরিচালনাকারীকে পুরস্কৃত করা হয়।