আগরতলা, ২৫ অক্টোবর, ২০২৫ঃ
রাজ্যের সাধারণ মানুষের মধ্যে সরকারি স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে আস্থা ও বিশ্বাস তৈরি করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, সহমর্মিতা, উদ্ভাবনী চিন্তাধারা এবং সুসংহত ব্যবস্থার মধ্য দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
শনিবার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব প্যাথলজিস্টস অ্যান্ড মাইক্রোবায়োলজিস্টস এর নর্থ-ইস্টার্ন রিজিওন্যাল চ্যাপ্টারের ৩৪তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “প্যাথলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্টরাই স্বাস্থ্যব্যবস্থার মেরুদণ্ড। তারা পর্দার আড়ালে থেকে রোগ নির্ণয় ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।” তিনি জানান, এই ধরণের জাতীয় পর্যায়ের সম্মেলন ত্রিপুরায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে, যা রাজ্যের চিকিৎসা ব্যবস্থার ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন।
শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-য় রাজ্যের ১৬ লক্ষ সুবিধাভোগী কার্ডধারী এবং ২.৫ লক্ষ পরিবার সরাসরি সুবিধা পাচ্ছেন। এছাড়া টেলিমেডিসিন পরিষেবা আরও শক্তিশালী করা হচ্ছে।