আগরতলা, ২ জুলাই ২০২৬ঃ
২৯তম জাতীয় ই-গভর্ন্যান্স সম্মেলনে সাফল্য অর্জন করেছে ত্রিপুরা। স্মার্ট ই-পঞ্চায়েত ও তৃণমূল স্তরে উন্নত জনসেবা প্রদানের উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর আরডি ব্লকের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ২০২৬-এ মর্যাদাপূর্ণ রৌপ্য পুরস্কার লাভ করেছে।
রাজস্থানের জয়পুরে অবস্থিত রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় কর্মীবর্গ, জনঅভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং এই পুরস্কার প্রদান করেন। ত্রিপুরা সরকারের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পঞ্চায়েত দপ্তরের সচিব অভিষেক সিং।
‘Grassroots Level Initiatives by Gram Panchayats for Deepening/Widening of Service Delivery’ বিভাগে এই স্বীকৃতি অর্জন করেছে বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। উল্লেখযোগ্য বিষয় হলো, সমগ্র দেশের মধ্যে মাত্র দুটি গ্রাম পঞ্চায়েত এই বিভাগে রৌপ্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে, যার মধ্যে একটি হলো ত্রিপুরার বিজয়নগর।
এই সাফল্যের পাশাপাশি পঞ্চায়েতটি ৫ লক্ষ টাকার নগদ পুরস্কারও অর্জন করেছে।
প্রশাসনিক উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। এর ফলে তারা পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইনডেক্স ২.০-এ ৮৮.৫৫ নম্বর (গ্রেড-এ) অর্জন করেছে।