আগরতলা, ৬ ডিসেম্বর, ২০২৫ঃ
বিপর্যয় মোকাবেলায় অসামরিক প্রতিরক্ষা বাহিনী, গৃহরক্ষী ও আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের গুরুত্ব অপরিসীম। ৬৩তম অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স ও হোম গার্ডস ডে-র উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এরা নিঃস্বার্থভাবে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছেন। ত্রিপুরাকে একটি বিপর্যয় সহনশীল রাজ্য হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ।
মুখ্যমন্ত্রী জানান, ১৯৭১ সালে ত্রিপুরায় অসামরিক প্রতিরক্ষার স্বীকৃতি লাভ করে এবং ২০২১ সাল থেকে রাজ্যের সব জেলায় সিভিল ডিফেন্স কার্যক্রম সম্প্রসারিত হয়। বর্তমানে রাজ্যে ৫ হাজার প্রশিক্ষিত সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক সক্রিয় রয়েছেন। রাজ্য সরকার জনসংখ্যার ১ শতাংশকে সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে এবং ২০২৬ সালের মধ্যে আরও ৩ হাজার স্বেচ্ছাসেবক প্রশিক্ষিত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের ভূমিকাকেও তিনি উচ্চ প্রশংসা করেন এবং জানান, আগামী দিনে আরও ১৬০০ জনকে এই প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি বলেন, গত বছরের প্রাকৃতিক দুর্যোগের সময় সিভিল ডিফেন্স ও আপদা মিত্ররা সক্রিয় ভূমিকা রেখে বহু মানুষের সহায়তা করেছেন। সরকার চাইছে ভবিষ্যতে আরও সুসংগঠিত প্রশিক্ষণ ও দ্রুত ত্রাণ ব্যবস্থার মাধ্যমে ত্রিপুরাকে দুর্যোগ মোকাবিলায় সক্ষম ও শক্তিশালী করে তুলতে।