দক্ষিণ ত্রিপুরা জেলায় দুটি ১৩২ কেভি বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন
আগরতলা, ১৪ অক্টোবর, ২০২৬ঃ
দক্ষিণ ত্রিপুরার বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নে সাব্রুম মহকুমার শাস্ত্রী কলোনি ও সাতচাঁদ এলাকায় দুটি ১৩২ কেভি বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ সাবস্টেশন দুটির উদ্বোধন করেন। প্রকল্প দুটিতে মোট ব্যয় হয়েছে ১১৪ কোটি ২ লক্ষ টাকা। এর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার ৩৭ হাজার ৫৪৮টি পরিবার উন্নত বিদ্যুৎ পরিষেবা পাবে বলে জানানো হয়েছে।
শাস্ত্রী কলোনিতে নির্মিত ১৩২ কেভি সাবস্টেশনটি তৈরি করতে ব্যয় হয়েছে ৬৬ কোটি ১৯ লক্ষ টাকা। এই সাবস্টেশনের মাধ্যমে সাব্রুম, বৈষ্ণবপুর, মনুঘাট, হরিনা, বনকুল, লুধুয়া, রূপাইছড়ি ও সাব্রুম আইসিপি-সহ বিভিন্ন এলাকার ২১ হাজার ৩৯৮টি পরিবার বিদ্যুৎ পরিষেবা পাবে।
অন্যদিকে, সাতচাঁদে নির্মিত দ্বিতীয় সাবস্টেশনটি তৈরি করতে ব্যয় হয়েছে ৪৭ কোটি ৮৩ লক্ষ টাকা। এই প্রকল্পের মাধ্যমে সাতচাঁদ, মনুবাজার, কলাছড়া, শাকবাড়ি, মাগুরছড়া, ভুরাতলি, সিন্দুকপাথর, রাজীবনগর ও শ্রীনগর-সহ বিভিন্ন এলাকার ১৬ হাজার ১৫০টি পরিবার উপকৃত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যে বিদ্যুৎ সরবরাহের উন্নয়নের পাশাপাশি রাস্তা, পানীয় জল, কৃষি ও সেচ পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। তিনি জানান, দুর্গাপূজার আগে সাব্রুম মহকুমার বাসিন্দারা এই নতুন সাবস্টেশনগুলির মাধ্যমে উন্নত বিদ্যুৎ পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










